স্কুলছাত্রীর শ্লীলতাহানি আনসার সদস্যের এক বছর কারদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন হাফিজুর রহমান নামের এক আনসার সদস্য। গতকাল মঙ্গলবার তিস্তা ব্যারাজের কাছে এ ঘটনা ঘটে।ঘটনাটি জানার পর বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী তিস্তা ব্যারাজের টোল প্লাজার সামনে বুড়িমারী-রংপুর মহাসড়ক অবরোধ এবং আনসার ক্যাম্প ঘেরাও করে। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাফিজুরকে গ্রেপ্তার করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত ঘটনায় জড়িত থাকার দায়ে হাফিজুরকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার দোয়ানী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে তিস্তা ব্যারাজের কাছে পৌঁছালে ব্যারাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য হাফিজুর তাঁর পথরোধ করে গায়ে হাত দেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাফিজুর পালিয়ে যান। বিদ্যালয়ে পৌঁছে ওই ছাত্রী সহপাঠী ও শিক্ষকদের ঘটনাটি জানায়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকার কয়েক শ লোক তিস্তা ব্যারাজের টোল প্লাজার সামনে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে এবং আনসার ক্যাম্প ঘিরে রাখে। এ সময় ব্যারাজের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বেলা একটার দিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার এবং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ঘটনাস্থলে গিয়ে হাফিজুরকে গ্রেপ্তার করেন। তাঁরা হাফিজুরের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, বিকেলেই হাফিজুরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দেন। তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। হাতীবান্ধা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা আবদুল হামিদ বলেন, অভিযুক্ত আনসার সদস্য হাফিজুরের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।