স্কুলছাত্রীর শ্লীলতাহানি, দোকানির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে আবদুল মোহিত (৪৩) নামের এক মুদি দোকানিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী আজ সকালে স্থানীয় বাজারের মুদি দোকানি আবদুল মোহিতের দোকানে ডাল কিনতে যায়। এ সময় একা পেয়ে মোহিত মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে তাঁর হাত থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়। মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোহিত তাঁর দোকান বন্ধ করে পালিয়েছেন। এরপর মেয়েটির বাবা ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথের কাছে এ বিষয়ে অভিযোগ দেন। এরপর পুলিশের সহায়তায় আবদুল মোহিতকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। জীতেন্দ্র কুমার নাথ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান। চার সন্তানের বাবা মোহিত আদালতের কাছে তাঁর অপরাধ স্বীকার করেন। এরপর আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। আজই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।