স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা প্রধান শিক্ষক পলাতক!
ময়মনসিংহ সদর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে নিজ কার্যালয়ে ডেকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং ওই শিক্ষককে অপসারণের দাবিতে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ, বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ে আসে। এ সময় বিদ্যালয় প্রায় ফাঁকা ছিল। পরে প্রধান শিক্ষক ছাত্রীটিকে তাঁর কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে ছাত্রীটি ওই কক্ষ থেকে বেরিয়ে এসে চিৎকার দিলে আশপাশের কয়েক শ লোক এসে বিদ্যালয় ঘেরাও করে। কিন্তু এর আগেই প্রধান শিক্ষক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে তিনি বিদ্যালয়ে আসেন। তিনি এসে প্রধান শিক্ষকের কক্ষ খোলা দেখেন। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। চা খেতে বিদ্যালয়ের সামনের একটি দোকানে গিয়েছিলেন।ইংরেজি শিক্ষক বলেন, সকালে বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ে আসতে দেরি হয়। পরে তিনি ওই অভিযোগ শোনেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে। এর আগে মদ পান করে মাতলামিসহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার একাধিক অভিযোগ পেয়ে আমি মৌখিকভাবে তাঁকে সতর্ক করেছি। এবার শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।’প্রধান শিক্ষকের ছোট ভাইয়ের স্ত্রী ও বিদ্যালয়ের সহশিক্ষিকা বলেন, ‘বড় ভাই মদ পান করেন, এটা ঠিক। কিন্তু তিনি ছাত্রীর সঙ্গে এমন কাণ্ড ঘটানোর চেষ্টা করেছেন, তা আমরা বিশ্বাস করি না। কারণ বিদ্যালয়ে তখন অষ্টম শ্রেণীর ছাত্রীরাও উপস্থিত ছিল।’কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন রাত নয়টার দিকে বলেন, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির চেষ্টার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদপানসহ চারিত্রিক সমস্যার অভিযোগ এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে পাওয়া গেছে। তিনি আত্মগোপনে রয়েছেন।