স্কুলছাত্রীর সঙ্গে প্রতারণা, আপত্তিকর ভিডিও
প্রতারণার মাধ্যমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা বাজারে ছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোকলজ্জার ভয়ে এ ছাত্রীর পরিবার এ ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নেয়নি।ভিডিওচিত্রটি বাজারে ছাড়ার পর ওই ছাত্রীকে তাঁর বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর মেয়েটি দুই দফা আত্মহত্যার চেষ্টা করে। তাকে এখন সার্বক্ষণিক পাহারার মধ্যে রাখা হয়েছে।ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামের ফায়জুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২২) ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে উচাখিলা এলাকার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন। পড়ানোর সুযোগে জহুরুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে জহুরুল ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন। পরে তাঁকে ওই বাড়ি থেকে বিতাড়িত করা হয়। এর প্রতিশোধ নিতে জহুরুল ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং এর ভিডিও ধারণ করে বাজারে ছেড়ে দেন।মেয়েটির বাবা বলেন, ‘জহুরুলকে নিজের ছেলের মতো ভেবে তাকে বাড়িতে গৃহশিক্ষক রেখেছিলাম। সে এত বড় সর্বনাশ করবে, তা কল্পনার বাইরে ছিল।’ ঘটনার পর তাঁর মেয়ে দুই দফা আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে এখন পাহারার মধ্যে রাখা হয়েছে।অভিযোগের ব্যাপারে একাধিকবার জহুরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা ফায়জুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান জানান, জহুরুল এখন কলেজে আসেন না। তাঁকে বহিষ্কার করা হবে।ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক জানান, ভিডিওচিত্রের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ছাত্রীটি স্কুলে এলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, তাই তাঁকে সাময়িকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এখন ঢাকায় অবস্থান করছেন। ফিরে এসে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। অভিযোগ না পেলেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।