স্কুলছাত্রীর 'বন্ধু' ও সঙ্গীদের হামলায় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্রীর বন্ধু পরিচয় দেওয়া এক কিশোর দলবল নিয়ে ওই স্কুলের এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। গুরুতর আহত শিক্ষককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক অভিযোগ করেছেন, বন্ধুর সঙ্গে ঘোরাফেরা না করা এবং বিষয়টি অভিভাবককে জানানোয় ছাত্রীর বন্ধুটি তার দলবল নিয়ে হামলা করেছে।
তবে ছাত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছে, ছেলেটি ছাত্রীর মামা। ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে মারধর করেছে। শহরের জজকোর্টের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সামিট কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সামিট কোচিং সেন্টারের পরিচালক। এ হামলারর প্রতিবাদে গতকাল মঙ্গলবার ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বন্ধুর সঙ্গে ঘোরাফেরার ঘটনাটি ছাত্রীর মাকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরে ছাত্রীর বন্ধু তার অপর বন্ধুদের নিয়ে এসে এই হামলা চালিয়েছে।