স্কুলছাত্রীসহ চার জেলায় নিহত ৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল বৃহস্পতিবার নছিমনের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, নওগাঁর রানীনগর ও রাজবাড়ীর গোয়ালন্দে গত দুই দিনে পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: কোটালীপাড়া-পয়সারহাট সড়কের কোটালীপাড়ার কমলকুড়ি স্কুলের সামনে গতকাল বৃহস্পতিবার শ্যালোইঞ্জিন-চালিত নসিমনের চাপায় লামিয়া খানম (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে কোটালীপাড়ার বান্দল গ্রামের তোতা মিয়ার মেয়ে। মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় বুধবার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাসের যাত্রী শান্তি চক্রবর্তী (৭০) নিহত হন।সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় বুধবার একটি বিআরটিসির বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী ভোলার চর তজুমদ্দিন উপজেলার ফরহাদ হোসেন (১০) ও একই জেলার চরফ্যাশন উপজেলার ফরিদ উদ্দিন (৪০) নিহত হন।আদমদীঘি (বগুড়া): রানীনগর-আবাদপুকুর সড়কের নওগাঁর রানীনগরের কালিতলা এলাকায় বুধবার শ্যালোইঞ্জিনচালিত ভটভটি থেকে সড়কে পড়ে কোরেশ আলী (৫৭) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি রানীনগর উপজেলার একডালা গ্রামে। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক জাফর আলী শেখ (৪৭) নিহত হন।