রংপুরের মিঠাপুকুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সিরাজগঞ্জের চৌহালী ও পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোববার স্কুলছাত্রী ও এক বৃদ্ধ নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায় গতকাল সোমবার সকালে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই ট্রাকের চালকসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়াগামী ট্রাকটির চালক শহীদুল ইসলাম (৪০) ও তার সহকারী রবিউল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি কুষ্টিয়ায়। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের চৌহালী উপজেলার আজুগড়া এলাকায় রোববার সিএনজিচালিত অটোরিকশার চাপায় সোনাভান (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি তাকে চাপা দেয়। সে একই এলাকার খয়ার আলীর মেয়ে। এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা হয়েছে।উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রাম-চিলমারী সড়কে উলিপুর পেট্রলপাম্পের কাছে একটি মোটরসাইকেলের ধাক্কায় গতকাল উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ গ্রামের হিরু খন্দকার (৬০) নিহত হন। রংপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী আব্দুস ছোবাহান আহত হন। পঞ্চগড়: বোদা উপজেলার পাথরাজ কলেজের সামনে রোববার একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের আরোহী সর্দারপাড়া গ্রামের তছিরউদ্দিন নিহত হন।ত্রিশাল (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের চাপায় আমোদ মানকিন (৫০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত মানকিনের বাড়ি হালুয়াঘাট উপজেলায়।