স্কুলছাত্রীসহ তিন জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহনে গতকাল শুক্রবার বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের এক ফার্মাসিস্ট নিহত হয়েছেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আনন্দবাজার এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস ব্র্যাক স্কুলের ছাত্রী মোসাম্মৎ হাফেজা খাতুনকে (৮) চাপা দেয়। এতে সে নিহত হয়। সে স্থানীয় দিনমজুর শাহে আলমের মেয়ে। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটী গ্রামে বৃহস্পতিবার সকালে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কাভার্ড ভ্যানের যাত্রী গোপালগঞ্জ জেলা কারাগারের ফার্মাসিস্ট আবদুল আওয়াল (৫০) নিহত ও কারারক্ষী জিয়াউর রহমান গুরুতর আহত হন। আওয়ালের বাড়ি কুমিল্লার তিতাস ইউনিয়নের উত্তর কালিয়া গ্রামে।ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় বৃহস্পতিবার দ্রুতগামী ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী উপজেলার আগমুন্দিয়া গ্রামের আবদুল কাদের (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী সেতুর কাছে বুধবার শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর ধাক্কায় উপজেলার কুলবাড়িয়া গ্রামের লিয়াকত হোসেন (৪৮) আহত হন। পরে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার তিনি মারা যান। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বুধবার অবৈধ যান নছিমনের ধাক্কায় গাড়াগঞ্জের রাহাতুন্নেছা (৩৫) আহত হন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।