স্কুলছাত্রীসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ইয়াসমিন আক্তার (১৫) এবং ঝিনাইদহে ট্রাকচালক আবু বক্কারকে (৩৩) হত্যার অভিযোগ উঠেছে। এদিকে নড়াইলে অজ্ঞাতনামা তরুণীর (১৭) লাশ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোবিন্দগঞ্জ: উপজেলার তালুকানূপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তার গত রোববার সন্ধ্যায় তালুকানূপুর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন দুপুরে বাড়ির কাছে বাঁশঝাড়সংলগ্ন ধানখেতে তার লাশ পাওয়া যায়। ইয়াসমিনের বাবা ইয়াছিন আলী অভিযোগ করেন, একই গ্রামের সুমন তাঁর মেয়েকে হত্যা করেছে। সুমন প্রায়ই স্কুলে যাওয়ার পথে ইয়াসমিনকে উত্ত্যক্ত করত। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ইয়াসমিনের বাবা সুমনসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে সুমন ও তার পরিবারের লোকজন পলাতক।ঝিনাইদহ: শহরের কোর্টপাড়ার আবুল বাশারের ছেলে ট্রাকচালক আবু বক্কার গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে নিজ ঘরের বারান্দায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সকাল সাড়ে আটটায় তাঁর লাশ উদ্ধার করে। নিহত বাশারের মা আখিরন নেছা জানান, ছয় মাস ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আবু বক্কারের বনিবনা হচ্ছিল না। সোমবার রাতে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। তাঁকে হত্যা করে লাশ ঘরের বারান্দায় ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। সদর থানার এসআই মাহবুবুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নড়াইল: গতকাল সকালে পৌরসভার মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনের কাছ থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, লাশের চোখে-মুখে রক্তের দাগ রয়েছে। তার পরনে রয়েছে সালোয়ার-কামিজ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।