স্কুলছাত্রীসহ তিনজনের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ইয়াসমিন আক্তারকে (১৫) হত্যার অভিযোগ উঠেছে। এদিকে নড়াইলে অজ্ঞাতনামা তরুণী ও দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোবিন্দগঞ্জ: উপজেলার তালুকানূপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তার গত রোববার সন্ধ্যায় তালুকানূপুর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন দুপুরে বাড়ির কাছে বাঁশঝাড়সংলগ্ন ধানখেতে তার লাশ পাওয়া যায়। ইয়াসমিনের বাবা ইয়াছিন আলী অভিযোগ করেন, একই গ্রামের সুমন তাঁর মেয়েকে হত্যা করেছে। সুমন প্রায়ই স্কুলে যাওয়ার পথে ইয়াসমিনকে উত্ত্যক্ত করত।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ইয়াসমিনের বাবা সুমনসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে সুমন ও তার পরিবারের লোকজন পলাতক।বিরামপুর: বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গত রোববার রাতে উপজেলার কালিদহ মাঠের বোরো ধানখেত থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। নড়াইল: গতকাল সকালে পৌরসভার মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনের কাছ থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, লাশের চোখে-মুখে রক্তের দাগ রয়েছে। তার পরনে রয়েছে সালোয়ার-কামিজ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।