স্কুলছাত্রীসহ দুজনকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সদর উপজেলায় আশা খাতুন (৯) নামের এক স্কুলছাত্রীর ও বেলকুচি উপজেলায় ফরিদুল ইসলাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশা পৌর এলাকার চরমালশাপাড়া গ্রামের জুড়ান আলীর মেয়ে ও হোসেনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ফরিদুল বেলকুচির মুকুন্দগাঁতী পূর্বপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে আশা শহরের বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু ক্লাস শেষ হলেও বাড়ি ফেরেনি। পরে সদর উপজেলার সদানন্দপুর গ্রামের তারা মণ্ডলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) দয়াল হোসেন জানান, দুপুরে আশাকে ওই পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখে কয়েকজন ব্যক্তি পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেলকুচি থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতের খাবার খেয়ে ফরিদুল তাঁর ঘরে ঘুমাতে যান। গতকাল সকালে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দুপুরে ঘরে গিয়ে দেখা যায়, তার নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ওসি আবদুল হাই জানান, পূর্বশত্রুতার জের ধরে ফরিদুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য দুটি লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।