স্কুলছাত্রীসহ দুটি লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। একই দিন সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের একটি বাড়ি থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অপহরণের পর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের বিনয় কুমার পালের মেয়ে ও ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী পপি পালের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। বোয়ালমারী থানার পুলিশ গত শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর লাশটি শুক্রবারই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।