স্কুলছাত্রীসহ দুটি লাশ উদ্ধার
ফরিদপুর সদরপুর উপজেলার সতেরো রশি গ্রাম থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ এবং ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ডোবা থেকে এক নছিমনচালকের লাশ উদ্ধার করা হয়েছে।স্কুলছাত্রীর নাম বিউটি আক্তার (১৫) এবং নছিমনচালক সুজন শেখ (১৭)। বিউটি সদরপুরের কাজী জেবুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং সতেরো রশি গ্রামের মৃত আবু ব্যাপারীর মেয়ে। সুজন শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের ছিরু শেখের ছেলে।সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বলেন, গত শুক্রবার সকালে গলায় রশি বাঁধা অবস্থায় বিউটির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত বিউটির নাক ও মুখ রক্তাক্ত ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের খালের কচুরিপনার মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে নিহত সুজনের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার নছিমন নিয়ে বের হওয়ার পর সুজন আর বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নছিমনটি নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।