যশোরের বাঘারপাড়া, বরিশালের উজিরপুর, ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকায় যশোর-মাগুরা সড়কে বুধবার সকালে পণ্যবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে দুই ব্যবসায়ী ফরিদপুর সদর উপজেলার সমসের সরদারডাঙ্গা এলাকার মো. ইসহাক (৪০) ও দুর্গাপুর এলাকার আবদুল মাজেদ (৪৫) প্রাণ হারান। ফরিদপুর: বুধবার বিকেলে ভাঙ্গার হাজারি মার্কেট এলাকায় পুকুরিয়া-আটরশি আঞ্চলিক সড়কে পুকুরিয়াগামী টেম্পোর সঙ্গে আটরশিগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর চারজন আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১২ ও ২৫ বছর বয়সী দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): বুধবার রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হাসপাতাল মোড়ে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়াগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাচালক আফসার আলী (৪৫) ঘটনাস্থলেই মারা যান। কেন্দুয়া (নেত্রকোনা): বুধবার রাতে বারহাট্টা উপজেলার ইসলামপুরে বারহাট্টা-মোহনগঞ্জ সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবুল চন্দ্র সাহা (২৫) প্রাণ হারিয়েছেন। তিনি মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত মানিক চন্দ্র সাহার ছেলে।বরিশাল: উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বালি বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় গত মঙ্গলবার সকালে ঢাকাগামী একটি বাস তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে (১০) ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।