স্কুলছাত্রীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কিশোরগঞ্জের বাজিতপুর, ময়মনসিংহের ত্রিশাল ও মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব (কিশোরগঞ্জ): বাজিতপুরের সিঅ্যান্ডবি সড়ক এলাকায় গতকাল সকাল নয়টার দিকে সড়কে রোলিং করছিলেন সড়ক ও জনপথ বিভাগ, ভৈরবের রোলার চালক আবুল হোসেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় চলন্ত অবস্থায় রোলার থেকে লাফিয়ে পড়লে রোলারের চাপায় তিনি আহত হন। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আবুল হোসেনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার গাইনের দোহরা গ্রামে।ত্রিশাল (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা সদরের অদূরে ইভা ফিলিং স্টেশনের কাছে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ওপর হেলে পড়ে। ট্রাকের ওপর থাকা ৩০ জন যাত্রীর মধ্যে সোহরাব আলী (৫৫) ও অজ্ঞাত এক মহিলা (৪৫) রাস্তায় ছিটকে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায় গতকাল সকাল আটটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক হিরণ দাস (৪৮) নিহত হন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের খাঁর মসজিদের সামনে গতকাল বেলা তিনটার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক সোহেল (২৭) ঘটনাস্থলেই নিহত হন। চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের খালাসী মসজিদ এলাকায় গতকাল ভোরে একটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক গাইবান্ধার ছিদ্দিকুর রহমান (৩০) নিহত হন। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গাজীপুরে গতকাল বেলা তিনটার দিকে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার আরোহী স্থানীয় হাসনাবাদ ঈদগাহ মডেল স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্রী মিথিলা (৬) নিহত হয়।মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদ্রগাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের বাসিন্দা হামেদ আলী (৬০) বাড়ি থেকে মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোস্টকামুরী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।