স্কুলছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছয়জনের
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত রোববার ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ, গাইবান্ধার সাদুল্যাপুর ও কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও পাঁচজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাকের চাপায় নিহত ছাত্রীর নাম বেলী আকতার (১৩)। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় প্রাইভেট পড়ে হলদিবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বেলী ও লাভলী বালিয়াডাঙ্গীর একটি বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। সাড়ে ছয়টার দিকে ভানোর এলাকার কাঁচকালি-গান্দিগাড়ী সড়কে পৌঁছালে মালবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে বেলী ঘটনাস্থলেই মারা যায়। লাভলী গুরুতর আহত হয়। নিহত বেলী ভানোর গ্রামের সরিজ উদ্দিনের মেয়ে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।
দিনাজপুর: গতকাল সোমবার সকাল নয়টায় দিনাজপুর-বীরগঞ্জ মহাসড়কের বীরগঞ্জ শালবন এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এঁরা হলেন বীরগঞ্জ উপজেলার তুলসীপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৩০) ও একই গ্রামের মোহাম্মদ হেলাল (৩১)। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় চেয়ারম্যানসহ পরিবারের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বত্রিশমাইল এলাকায় গত রোববার রাতে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। নিহতরা হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে আশুরা খাতুন (৬) এবং লালমনিরহাট জেলার আবু তালেব (৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাতে রোমার এন্টারপ্রাইজের একটি নৈশকোচ কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে ঢাকায় যাচ্ছিল। কোচটি রাত পৌনে ১২টার দিকে বত্রিশমাইল এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের পরিচয় জানা যায়নি। সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কুড়িগ্রাম: রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, রৌমারী উপজেলার মাঠেরভিটা এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রফিকুল ইসলাম (২৫) নিহত হন। তিনি উপজেলার বাতার গ্রামের হোসেন আলীর ছেলে।