স্কুলছাত্রীসহ ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ১৪ জন নিহত ও পুলিশ সদস্যসহ ৫৩ জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের খাদিমপুর মোড়ে গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় আবদুল মমিন (২২) নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর গ্রামে।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরবাড়িতে একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার জিন্নাত খাঁ (২৫), সাদুহাটির শানু মোল্লা (৫০), আউয়া কংশুর গ্রামের খালিদ হোসেন মোল্লা (৩২), কাশিয়ানী উপজেলার রামদিয়ার স্বপন সাহা (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার তরিকুল ইসলাম (৪২), চালকের সহায়তাকারী গোপালগঞ্জ শহরতলির হরিদাসপুর গ্রামের মিলন (১৮)। চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক প্রাণ হারিয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার মিয়াবাজার গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গত শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার শ্রীকোলা গ্রামের পাশে নসিমনের চাপায় আসমা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়। সে মাগুড়াডাঙ্গা গ্রামের আবদুর রহিমের মেয়ে ও মাগুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গোয়ালন্দ (রাজবাড়ী): গত শুক্রবার বেলা একটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাসের চাপায় আবদুল হাকিম (২৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার জয়পুর গ্রামে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পাংশা-রাজবাড়ী সড়কের বিষ্ণুপুর এলাকায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নসিমনের যাত্রী পাংশা উপজেলার মৃগি তদন্তকেন্দ্রের এসআই জামাল হোসেন, তিন কনস্টেবল ও চালক আহত হন। জামাল হোসেন ও নসিমনচালক পিংকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের গালাহারে বাসের চাপায় বৈরাটি গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে পারভিন আক্তার (১০) নিহত হয়।ধুনট (বগুড়া): শনিবার সকাল ১০টায় ধুনটের আনারপুর গ্রামে অটোরিকশার ধাক্কায় নসিমনযাত্রী আবদুল বারিক (৪০) নিহত হন। তিনি পারলক্ষ্মীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বেড়া (পাবনা): নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি নামক স্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন বেড়ার সানিলা গ্রামের মোমিতুল ইসলাম (১৮) ও ইয়াসিন (১৬)।