স্কুলছাত্রের উদ্যোগে জুয়ার আসর বন্ধ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গ্রামে পাঁচ বছর ধরে চলে আসছিল জুয়ার আসর। জুয়া খেলতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। এই অবস্থায় গ্রামের দশম শ্রেণীর ছাত্র আবু রায়হান উদ্যোগ নিয়ে জুয়ার আসর বন্ধ করে দিতে সক্ষম হলো। জানা গেছে, ওই গ্রামে পাঁচ বছর ধরে প্রতিদিন জুয়ার আসর বসত। জুয়ার কারণে এলাকার বেশির ভাগ বাড়িতে অশান্তির সীমা ছিল না। গ্রামবাসীর পক্ষ থেকে বারবার পুলিশের কাছে অভিযোগ করা হলেও পুলিশ এলাকা জুয়ামুক্ত করতে পারেনি। এ অবস্থায় আবু রায়হান এলাকাকে জুয়ামুক্ত করার উদ্যোগ নেয়। প্রথমে সে তাঁর বাবা আলাউদ্দিন আলীকে জুয়া খেলা থেকে বিরত করতে সক্ষম হয়। এরপর সে আত্মীয়স্বজন, পরে পুরো গ্রামের জুয়াড়িদের কাছে গিয়ে জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী একজোট হয়ে জুয়া খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়।ওই গ্রামে সোমবার সন্ধ্যায় জুয়াবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষক আলতাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিচক ইউপির চেয়ারম্যান আফসার আলী। সমাবেশে এলাকার ২৪ জন জুয়াড়ি আর কখনো জুয়া খেলবেন না বলে শপথ গ্রহণ করেন। পরে আলাউদ্দিন আলীকে আহ্বায়ক করে ৩০ সদস্যের জুয়া প্রতিরোধ কমিটি গঠন করা হয়। আবু রায়হান বলে, ‘স্কুলে পড়তে গেলে আমাদের গ্রাম নিয়ে আজেবাজে কথা বলত সহপাঠীরা। তখন অনেক খারাপ লাগত। জুয়া বন্ধের জন্য এখানে-ওখানে বলেও দেখি কোনো কাজ হয় না। অবশেষে এলাকাকে জুয়ামুক্ত করার জন্য নিজেই সিদ্ধান্ত নিলাম।’ শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আবু রায়হান জুয়াকে ‘না’ বলতে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করেছে।