গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র জিসান মুন্সীর (১৬) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সংগ্রহ করা হয়েছে গণস্বাক্ষর। বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ওই সব কর্মসূচি পালন করে।
গতকাল দুপুরে শহরে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে নিহত জিসানের বাবা আজাহার মুন্সী, যুবলীগ নেতা জাহেদ মাহমুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহসিন উদ্দিন সিদকার প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা জিসানের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
এর আগে গোপালগঞ্জবাসীর ব্যানারে এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরের একটি কপি হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা শেষ করে জিসান ঢাকায় তার বাবার কাছে বেড়াতে যায়। ১৩ মে ঢাকার ধানমন্ডি লেকের কাছে ছিনতাইকারীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরের দিন জিসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।