স্কুলছাত্রের খুনিদের বিচারের দাবি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের স্কুলছাত্র বাহার আলিফের খুনিদের বিচারের দাবিতে গতকাল সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন করেছে স্থানীয় শেখ মিয়ার হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাহার আলিফ এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা সরে যায়।
গত শুক্রবার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের বাহার আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় হৃদয় নামের একজনসহ চারজনকে আটক করে পুলিশ। পরে হৃদয়কে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আলিফ রামকৃষ্ণদী গ্রামের সৌদিপ্রবাসী শেখ বাদল হোসেনের ছেলে। এ ঘটনায় আলিফের চাচা সিরাজদিখান থানায় মামলা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘আমরা মূল আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছি। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’ আটক অন্য তিনজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, ‘এ ঘটনায় আর কারও জড়িত থাকার কথা জবানবন্দিতে হৃদয় নিজেও বলেনি। তাহলে আমরা কেন নির্দোষ অন্যদের মামলার সঙ্গে জড়াব।’