স্কুলছাত্রের বিরুদ্ধে খালাকে হত্যার অভিযোগ
রাজশাহীতে এক স্কুলছাত্রের বিরুদ্ধে তার বিধবা খালাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সে নগরের কোর্ট একাডেমি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন গতকাল বুধবার সকালে পুলিশ ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম নূরজাহান বেওয়া (৫০)। তিনি ওই ছাত্রের মায়ের চাচাতো বোন এবং ওই এলাকার মৃত ইয়াদ আলীর স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর নূরজাহান বেগম তিন মেয়ের বিয়ে দিয়েছেন। ভাগনে মাঝেমধ্যেই ওই বাড়িতে এসে খালা নূরজাহানকে দেখাশোনা করত। পুলিশের কাছে ওই ছাত্র স্বীকার করেছে, ঘটনার দিন রাতে সে খালার ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তাঁর নাক-মুখ জোরে চেপে ধরলে ১৫ মিনিটের মধ্যে তিনি মারা যান। নূরজাহানের মৃত্যুর পরও সে পালায়নি। নূরজাহানের মা নুরফুল বেওয়া (৭০) জানান, এ ঘটনায় তাঁর বড় মেয়ে নীরা বেগম (৩৫) বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।