স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল রোববার দুপুরে হোসেন আহমেদ (১২) নামের এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করা এক ব্যক্তি বলেছেন, ট্রেনের ধাক্কায় হোসেনের মৃত্যু হয়েছে।
নিহত হোসেনের মা শামসুন্নাহারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তাঁরা কুড়িল বিশ্বরোডের কুড়াতলা এলাকায় থাকেন। হোসেন কুড়িলের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে গতকাল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যায়। বেলা দেড়টার দিকে শামসুন্নাহার জানতে পারেন, আখেরি মোনাজাত শেষে ট্রেনের ছাদে উঠে বাসায় ফেরার সময় ছাদ থেকে পড়ে হোসেন আহত হয়েছে। তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শামসুন্নাহার ওই হাসপাতালে গিয়ে ছেলেকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবশ্য নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করা হারুন নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হোসেন মারা গেছে।