স্কুলছাত্রের মৃত্যু
কয়েক দিন পর শেষ হবে বিদ্যালয়ের ঈদের ছুটি। ঈদের আনন্দ শেষে শ্রেণিকক্ষে ফিরবে বন্ধুরা। শুধু ফিরবে না ওয়াজেদ আলী (১৪)। গ্রামের বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। সে চট্টগ্রাম নগরের কাজেম আলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব হাধুরখিল গ্রামের মোহাম্মদ জামান চৌধুরীবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ আলী স্কুলশিক্ষক ও হোমিওপ্যাথিক চিকিৎসক মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। ওয়াজেদ আলীর জ্যাঠাতো ভাই সোহরাব হোসেন চৌধুরী জানান, ওয়াজেদ পরিবারের সদস্যদের অলক্ষ্যে পুকুরে গোসল করতে নামে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।