স্কুলছাত্রের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নেমে মারা গেছে স্কুলছাত্র মো. শাহীন (৭)। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে ও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে এলাকার কয়েকজন সহপাঠী-বন্ধু মিলে শাহপরীর দ্বীপ ভাঙা নামক এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে পানির স্রোতে শাহীনকে ভেসে যাচ্ছে দেখে বন্ধুরা আর্তচিৎকার করলে ভাঙা অংশটি পারাপারের জন্য অপেক্ষা করা কয়েকজন লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইসমাঈল বলেন, ওই ভাঙা অংশটি এলাকাবাসীর জন্য মৃত্যুর কূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত ওই অংশে নৌকাডুবিসহ সাতজন নারী, পুরুষ ও শিশু মারা গেছে।