স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর কুলাউড়া এলাকার একটি পুকুর থেকে গত সোমবার রামিম (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রামিম পৌর শহরের উত্তর জয়পাশা এলাকার আবদুল গণির ছেলে ও স্থানীয় শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। কুলাউড়া ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামিম সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন সন্ধ্যায় বিদ্যালয়ের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের পুকুরপাড়ে রামিমের ব্যবহৃত ছাতা ও পরনের শার্ট পড়ে থাকতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, প্রাথমিক তদন্তে পুকুরে ডুবে রামিমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।