স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় গতকাল শনিবার রাজীব মণ্ডল (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজীব মণ্ডল উপজেলার রাজবন্দ গ্রামের রমেশ মণ্ডলের ছেলে। সে পাশের বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব গত শুক্রবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল সকাল আটটার দিকে উপজেলার মোস্তফার মোড় এলাকার একটা চিংড়িঘেরের বেড়িবাঁধের ওপর রাজীবের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ডুমুরিয়া থানার ওসি মসিউর রহমান বলেন, ‘ছেলেটার ডান চোখ তুলে ফেলা হয়েছে। এ ছাড়া তার শরীরে আঘাতের চিহ্নও আছে। প্রাথমিকভাবে তার বন্ধুবান্ধব সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’