স্কুলছাত্রের লাশ উদ্ধার গ্রামবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় মো. ফয়সাল (১১) নামের একটি শিশু খুন হয়েছে। নিখোঁজ হওয়ার ৩০ দিন পর গতকাল রোববার দুপুরে তার গলিত লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।নিহত ফয়সাল ডুমাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গতকাল বিক্ষোভ করে।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দে জানান, গতকাল দপুর সাড়ে ১২টার দিকে ডুমাইন ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের একটি সেপটিক ট্যাংকের মধ্য থেকে বস্তাবন্দী একটি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ফয়সালের চাচা ডুমাইন গ্রামের আবুল কালাম লাশটি তাঁর ভাতিজা ফয়সালের বলে শনাক্ত করেন।প্রত্যক্ষদর্শী মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধারের খবরে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি করে এবং পুলিশের গাফিলতি ও অবহেলার তীব্র সমালোচনা করে। নিহত ফয়সালের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। পুলিশ ফয়সালের লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা প্রতিরোধ করে। পরে ফরিদপুর থেকে পুলিশের ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। খবর পেয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান এবং গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেন। পরে র্যাব-৮-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল চারটার দিকে ফয়সালের লাশ মধুখালী থানায় নিয়ে আসে। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমেদ প্রথম আলোকে জানান, নিহত ফয়সালের চাচা মো. আকতার র্যাব-৫-এর উপসহকারী পরিচালক (ডিএডি)। তাঁর সঙ্গে প্রতিবেশী সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য জাহাঙ্গীর আলম ওরফে পলাশের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তা ছাড়া ডুমাইন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র ১৫ এপ্রিল ফয়সালকে জাহাঙ্গীরের সঙ্গে দেখেছে।ফয়সাল নিখোঁজ হওয়ার পরদিন তার বাবা শেখ আ. সাত্তার বাদী হয়ে মধুখালী থানায় অপহরণের একটি মামলা করেন। ওই দিনই পুলিশ জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে শেখ মুরাদ নামে জাহাঙ্গীরের আরেক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়।ফয়সালকে উদ্ধারের দাবিতে মধুখালীবাসী এক মাস ধরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, দুই দফায় মানববন্ধন এবং সর্বশেষ গত শনিবার অনশন কর্মসূচি পালন করে।