স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় স্কুলছাত্র প্রণব বসুর (৬) লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের বাবা রাম বসু বাদী হয়ে মামলা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান জানান, মামলায় নিহত স্কুলছাত্রের বাবা জানিয়েছেন তাঁর ছেলে চঞ্চল প্রকৃতির ছিল। সে প্রায়ই বাসা থেকে বের হয়ে দুই-তিন ঘণ্টা বাইরে থাকত। অনেক সময়ে সে খেলতে গিয়ে ব্যথাও পেয়েছে।
মোখলেছুর রহমান আরও বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় মাথায় নিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে। বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেই বিষয়টি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার নিখোঁজের দুই ঘণ্টা পর নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর থেকে স্কুলছাত্র প্রণব বসুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রণব সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পরিবার জানিয়েছে, প্রণবের নাকে-মুখে রক্তের দাগ ছিল।