স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান
দেশে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন জনপ্রতিনিধিরা। কিন্তু জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘটেছে লজ্জাজনক ঘটনা। সেখানে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যান বিদ্যালয়পড়ুয়া একটি মেয়েকে বিয়ে করেছেন।এলাকার অনেকে জানান, প্রায় দেড় মাস আগে উপজেলার কড়ইচড়া ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান (৫০) একই ইউনিয়নের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) গোপনে বিয়ে করেন। এ ক্ষেত্রে তিনি প্রথম স্ত্রীর অনুমতিও নেননি।নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, চেয়ারম্যানের তিনটি মেয়ে। এক মেয়েকে মাস দেড়েক আগে বিয়ে দিয়েছেন। অন্য দুই মেয়েকে বিয়ে না দিয়ে তিনি নিজেই আবার বিয়ে করলেন, তা-ও দশম শ্রেণীর ছাত্রীকে। তিনি এ ধরনের ঘটনা ঘটালে এলাকায় বাল্যবিবাহ রোধ করবে কে? এখন তাঁর কথাই বা কে শুনবে?মেয়েটির বাবা বলেন, ‘একদিন চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসেন। এর কয়েক দিন পর চেয়ারম্যান সাহেবের স্ত্রী আমার মেয়েকে নিয়ে এলাকায় দুর্নাম ছড়াতে থাকেন। আমি গ্রামের মাতব্বরদের কাছে বিচার চাই। হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেব আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। আমি তা মেনে নিই।’এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে চেয়ারম্যান মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই মেয়েকে বিয়ে করার কথা স্বীকার করেছেন। তবে তিনি এ ব্যাপারে আর কোনো কথা বলতে রাজি হননি।মাদারগঞ্জের ইউএনও মো. সামছুল হক মুঠোফোনে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বিয়ের ব্যাপারে এলাকা থেকে কেউ আমার কাছে অভিযোগ করেনি। একজন চেয়ারম্যান বাল্যবিবাহ করতে পারেন না। আইনত এটি অপরাধ।’