স্কুলবাস প্রায় বন্ধ, হতাশ অভিভাবক
চলন্ত বাসে টিভির পর্দায় টম অ্যান্ড জেরি কার্টুন হচ্ছে। শিশু দর্শকদের চোখ থেকে ঘুম উধাও। পাশে বসা অভিভাবকেরাও নিশ্চিন্ত। শিশুদের সাহায্য করতে আছে দক্ষ নারী কর্মী৷ ওঠানামায় ব্যথা পাওয়ার ভয় নেই৷
এভাবেই আশা জাগিয়ে ২০১১ সালে রাজধানীর রাস্তায় চালু হয়েছিল স্কুলবাস। তবে এখন সেই বাসের দেখা মেলা ভার। ১৪টি বাসের মধ্যে এখন রাজপথে টিভি মনিটরসহ চলছে মাত্র চারটি। প্রথম দিকে বাসে কয়েকজন দক্ষ নারী কর্মী থাকলেও এখন আর তাঁরা নেই। পরিচালনাকারী কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বলছে, তাদের এ সেবা চালানোর আর্থিক সংগতি নেই৷ সরকার এ জন্য ভর্তুকি দিচ্ছে না৷
২০১১ সালের ১৫ জানুয়ারি তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঘটা করে রাজধানীতে স্কুলবাস উদ্বোধন করেন। পরদিন থেকে চলতে শুরু করে ৫২ আসনের ১৪টি বাস। ব্যক্তিগত গাড়ির মিছিল কমিয়ে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি করা ছিল এর মূল লক্ষ্য৷ শুরুতে মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাস চালু করা হয়। শিক্ষার্থীর সঙ্গে একজন অভিভাবকও যাতায়াত করতে পারতেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেক অভিভাবক ভেবেছিলেন, সাতসকালে নিত্যদিনের অন্তত একটি ভোগান্তির অবসান হলো। তবে অভিভাবকদের এ স্বস্তি স্থায়ী হয় মাত্র তিন মাস।
স্কুলবাস সেবার জন্য ৩৩টি স্টপেজ নির্মাণ, ইলেকট্রনিক পাঞ্চ কার্ডের ব্যবহার, ছয়টি যাত্রীছাউনি তৈরিসহ কিছু কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে িতন মাস পরই বাসগুলোর চলাচল অনিয়মিত হতে থাকে।
আইনজীবী শামীমা খাতুন বলেন, দুই ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতে গিয়ে নিজের প্র্যাকটিস প্রায়ই বাদ দিতে হয়। ‘এখনো রাস্তায় বের হয়েই স্কুলবাস খঁুজি। খুব মিস করি এ বাসকে৷’ বললেন শামীমা৷ বিআরটিসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংস্থাটি প্রথম থেকেই বলে আসছিল, সরকার ভর্তুকি দিলেই কেবল এই সেবা চালু রাখা সম্ভব। যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে বিআরটিসি একাধিক চিঠি দিয়েছে৷ কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভর্তুকি বা অন্য কোনো সুযোগ-সুবিধার উদ্যোগ নেওয়া হয়নি।
শুরুর দিকে করা বিআরটিসির হিসাব অনুযায়ী, ১৪টি বাসের মাসিক আয় হবে তিন লাখ ২৭ হাজার ৬০০ টাকা। ব্যয় হবে নয় লাখ ১৪ হাজার ৩৬৮ টাকা। ঘাটতি পাঁচ লাখ ৮৬ হাজার ৭৬৮ টাকা।
বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) নিখিল রঞ্জন রায় বলেন, ১৪টি বাস কেনার জন্য নেওয়া ঋণ বিআরটিসিকে পরিশোধ করতে হচ্ছে। অথচ বাসগুলো চলছে না। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্কুলবাসে শিক্ষার্থী আনা-নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করে দিতে পারে। এ ছাড়া, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি স্বল্পমূল্যে বাসগুলো ভাড়া নিতে চায়, তাতেও বিআরটিসি রাজি।
এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বিআরটিসি বিভিন্ন বাসের ঋণ মওকুফের জন্যই বলছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্কুলবাস ও মহিলা বাস চালাতেই হবে। এর কোনো বিকল্প নেই। বিআরটিসি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। তারা ব্যবসা করছে।’