স্কুলব্যাগ পেয়ে খুশি রুবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বানের পানিত হামার দুই বিঘা জমির ধান সব পচে গেছে। চারা না পাওয়ার জন্যে আবার ধান লাগামু সেই সুযোগও পানু না। ক্যামনে করে সামনের দিনগুলা য্যাবে, সেই চিন্তায় হামাগেরে ঘুম হারাম। এখন তোমাগেরে দেওয়া সরিষা ও সবজিবীজ পেয়ে হামি নতুন করে স্বপ্ন দেখবার লাগছি।’

বীজ পেয়ে বলছিলেন নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার গ্রামের উঞ্জিলা বেগম।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আবদুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনা ইয়াসমিন বাবার কাছে অনেক দিন ধরে বায়না ধরেছিল একটা নীল ব্যাগের। কিন্তু বাবার সামর্থ্য ছিল না সেই ব্যাগ কিনে দেওয়ার। এবারের বন্যায় তাদের বাড়িঘর ভেঙে যায়। নষ্ট হয়ে যায় রুবিনার বই-খাতা। খুব মন খারাপ ছিল তার। গতকাল নীল ব্যাগ পেয়ে খুব খুশি রুবিনা।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শস্য ও সবজিবীজ, ধানের চারা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

নওগাঁ

সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গাংজোয়ার গ্রামে ক্ষতিগ্রস্ত ৫০ কৃষকের মধ্যে সবজিবীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক বিঘা মাটিতে চাষের জন্য ৮০০ গ্রাম করে সরিষাবীজ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সবজি চাষাবাদের জন্য পালংশাক, লালশাক, মুলা, পুঁইশাক, ধনে ও সবুজ শাকের বীজ বিতরণ করা হয়। এ সময় চাষাবাদের নিয়মাবলি সম্পর্কে পরামর্শ দেন উপসহকারী কৃষি কর্মকর্তা খালেকুজ্জামান আনসারী।

বীজ পেয়ে কৃষক মঞ্জুর মোল্লা, আব্দুস সালাম, আনোয়ার হোসেন ও শরিফুল ইসলাম বলেন, বন্যায় তাঁদের সব ধানগাছ পচে গেছে। বন্যার পানি নেমে গেলেও চারার সংকটের কারণে ওই সব জমিতে ধান লাগাতে পারছেন না। এখন সরিষা ও সবজি চাষ করে তাঁদের সেই ক্ষতি কিছুটা হলেও পোষাবে।

বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রুপম, সাহিত্য সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন, সদস্য নৃপেন সরকার ও শাহীনুর রহমান।

বিরামপুর (দিনাজপুর)

চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চবিদ]যালয়ের মাঠে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ জন শিশুশিক্ষার্থীর মধ্যে ব্যাগ, খাতা, কলম, পেনসিল প্রভৃতি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিফা বলে, ‘প্রথম আলোর ব্যাগ পেয়ে খুব ভালো লাগছে।’

 শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী, বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমুখ।

বদরগঞ্জ (রংপুর)

দামোদরপুর ইউনিয়নের বটতলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার আটটি গ্রামের ৩৬ জন কৃষকের হাতে ধানের চারা তুলে দেন বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা। চারা ১২ বিঘা, অর্থাৎ সাড়ে সাত একর জমিতে রোপণ করতে পারবেন কৃষকেরা।

ধানের চারা পেয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার জামালপুর তালপুকুরেরডাঙ্গা গ্রামের গৃহবধূ মনছুরা বেগম (৩৫) বলেন, ‘অনেক কষ্ট করে এক বিঘা জমিতে আমন লাগিয়েছিলাম। এই জমির ধান দিয়ে তিন ছেলেমেয়ের লেখাপড়াসহ সংসারের অন্য খরচ চালাই। এই ধান এবারের বন্যায় ডুবে পচে যাওয়ার পর টাকার অভাবে চারা কিনতে না পেরে সংসার পরিচালনায় দুশ্চিন্তায় ছিলাম। আপনাদের চারা পেয়ে সেই চিন্তা দূর হলো।’

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নওগাঁ, বিরামপুর (দিনাজপুর) ও বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি}

বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

ফ্যাশন হাউস ব্যাঙ ৩০ হাজার, ড. ইকরামুল মজিদ ২৪ হাজার ২০০ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন ৯ হাজার টাকা।

lগতকাল মোট জমা

৬৩ হাজার ২০০ টাকা।

এ পর্যন্ত মোট জমা

৬৫,৪৯,৬৬৯ টাকা

l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ ৬১,৬৬,২৯২ টাকা

তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।