স্কুলব্যাগে গাঁজা, দুই কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে আজ মঙ্গলবার দুপুরে স্কুলব্যাগে গাঁজাসহ দুই কিশোর ধরা পড়েছে। তাদের কাছ থেকে পুলিশ ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

যাত্রাবাড়ী থানার সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী বাস যাত্রাবাড়ীতে এসে থামে। এরপর অন্য যাত্রীদের সঙ্গে ওই দুই কিশোর স্কুলব্যাগ কাঁধে বাস থেকে নামে। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। পুলিশ দুই কিশোরের ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি করে গাঁজা পায়। পরে তাদের আটক করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলো ডটকমকে বলেন, বিল্লাল ওরফে কাদির ওরফে কালু ওই দুই কিশোরের স্কুলব্যাগে গাঁজা দিয়ে বাসে উঠিয়ে দেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তারা। ওই গাঁজা যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে দেওয়ার জন্য তাদের বলে দেন কালু। 

জিজ্ঞাসাবাদে দুই কিশোর আরও জানায়, প্রতি কেজি গাঁজা বহনের জন্য তাদের ২০০ টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া, বাসে আসা-যাওয়ার টিকিট ও খাওয়ার খরচ দিয়েছেন কালু। তাদের মতো আরও কয়েক কিশোরকে দিয়ে কালু স্কুলব্যাগে মাদক বহন করান বলেও জানায় দুই কিশোর।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসার মূল হোতা কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দুই কিশোরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবে।