স্কুলব্যাগের মাধ্যমে ত্বকী হত্যার প্রতিবাদ

একটি স্কুলব্যাগ তৈরির মাধ্যমে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী।
গতকাল শহরের আমলাপাড়ায় নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এই ব্যাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্বকীর মা রওনক রেহানা। উদীচী জেলা শাখার সভাপতি জাহিদুল হক দীপুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উদীচীর জেলা শাখার সাধারণ সম্পাদক পিন্টু সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচীর জিয়াউল ইসলাম, ভবানী শংকর রায়, ডলি বণিক প্রমুখ।
অনুষ্ঠানে ত্বকীর মা রওনক রেহানা বলেন, ‘ত্বকী কারও কোনো ক্ষতি করেনি। সে খুব শান্ত স্বভাবের ছিল। বই পড়তে ভালোবাসত। অথচ আমার এমন একটা ছেলেকে খুনিরা মেরে ফেলল। আমার ছেলের হত্যার বিচার না হলে এ শহরের খুনিরা, অপরাধীরা উৎসাহিত হবে। ফলে আরও শিশুরা ঝুঁকিতে পড়বে। বড়দের বিরোধের কারণে ছোটদের হত্যা করতে মানুষ কুণ্ঠাবোধ করবে না।’
তিন দিনের কর্মসূচি: ত্বকী হত্যার দুই বছর এবং দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী নিখোঁজ হওয়ার দুই দিন পরে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে তার লাশ পাওয়া যায়।