সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের নয়টি পুরোনো ভবন নিলামে বিক্রিতে অনিয়ম হয়েছে। নিলাম কমিটিতে থাকা লোকজন এ বাবদ কয়েক লাখ টাকা আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, গত সেপ্টেম্বরে সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সাত হাজার টাকা, হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ হাজার হাজার ১০০ টাকা, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত হাজার টাকা, বড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ হাজার ১০০ টাকা, মহিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫ হাজার টাকা, দিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ হাজার টাকা, ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ হাজার টাকা, সাজদাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ১১ হাজার টাকা এবং কাকিয়াম-খলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ১২ হাজার ২০০ টাকা নিলামে বিক্রি করা হয়। সে সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা বুলবুল আহমেদ মণ্ডলের যোগসাজশে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অনিয়ম করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।কাকিয়াম-খলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ভবনটির দাম কমপক্ষে লাখ দেড়েক টাকা হবে। এখন শুনতে পাচ্ছি খুব স্বল্প দামে এটি বিক্রি করা হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ‘নিলাম কমিটির সভায় অংশগ্রহণের জন্য আমাদের ডাকা হলেও সভা হয়নি। পরে বুলবুল আহমেদ মণ্ডল স্যারের নির্দেশে একটি খাতায় আমরা স্বাক্ষর করেছি। ভবনগুলো ভেঙে নিয়ে যাওয়া হলেও দাম নির্ধারণসহ কিছুই আমাদের জানানো হয়নি।’নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, এ নয়টি বিদ্যালয়ের পুরোনো ভবনের দাম কমপক্ষে ২৫ লাখ টাকা হবে। নিয়ম-নীতি না মেনেই সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে গোপনে নিলামে ভবনগুলো বিক্রি করেছেন। বুলবুল আহমেদ মণ্ডল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভবন নিলামের কাজে আমি কোনো অনিয়ম করিনি। কমিটির অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতেই ভবনের দাম নির্ধারণ করে তা বিক্রি করা হয়েছে।’সম্প্রতি যোগদান করা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী বলেন, ‘কিছুদিন হলো এখানে এসেছি। এ সম্পর্কে কিছুই জানি না।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের পুরোনো ভবন নিলামে বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’