স্কুলমাঠ যেন স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও কড়াইল সেন্টার সিবিওর উদ্যোগে গতকাল বিকেলে ‘সখী দ্বিতীয় নারী ফুটবল টুর্নামেন্ট ২০১৬’-এর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলে অনিরুদ্ধ মহাখালী ও দুরন্ত মহাখালী l ছবি: প্রথম আলো
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও কড়াইল সেন্টার সিবিওর উদ্যোগে গতকাল বিকেলে ‘সখী দ্বিতীয় নারী ফুটবল টুর্নামেন্ট ২০১৬’-এর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলে অনিরুদ্ধ মহাখালী ও দুরন্ত মহাখালী l ছবি: প্রথম আলো

ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবার সে কী উত্তেজনা। বাড়ির ছাদ, দেয়াল, দোকানের বেঞ্চ—যে যেখানে পেরেছে, জায়গা করে নিয়েছে। আর মাঠের মধ্যে বাঁশের বেড়া দিয়েও ঠেকানো যায়নি দর্শকদের। এলাকার কিশোরীরা ফুটবল খেলছে। সমর্থন তো দিতেই হবে। কড়াইল বস্তির এরশাদ স্কুলমাঠ যেন স্টেডিয়াম।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও কড়াইল সেন্টার সিবিওর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ‘সখী দ্বিতীয় নারী ফুটবল টুর্নামেন্ট ২০১৬’-এর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। নারীর প্রতি নিপীড়ন বন্ধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এ টুর্নামেন্ট হয়। ঢাকার মিরপুর, মহাখালী ও মোহাম্মদপুরের ব্লাস্টের সখী প্রকল্পাধীন ১৫টি বস্তির ৯০ জন কিশোরী ছয়টি দলে অংশ নেয়। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলে অনিরুদ্ধ মহাখালী ও দুরন্ত মহাখালী।
অনিরুদ্ধ মহাখালী নামে লাল জার্সিতে। সবুজ জার্সিতে খেলে দুরন্ত মহাখালী। হাড্ডাহাড্ডি লড়াই। দুরন্ত মহাখালী বেশ কয়েকবার অনিরুদ্ধর জালে বল ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। মাঠের পাশ থেকেই একজন মেয়েদের নির্দেশনা দিচ্ছেন। প্রয়োজনে পানিও খাওয়াচ্ছেন। তিনি মোসাম্মৎ কোহিনূর, মহাখালী সাততলা বস্তিতে সখী প্রকল্পের কমিউনিটি লিডার। তাঁর দল অনিরুদ্ধ মহাখালী। নিজেই মেয়েদের নিয়ে এসেছেন। কোহিনূর বলেন, ‘ওরা পাকা খেলোয়াড় না। তবু ফাইনালে আসছে। এখন জিততে পারলেই হয়।’
নির্ধারিত সময়েও কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অবশেষে অনিরুদ্ধ মহাখালীর হাতেই ট্রফি ওঠে। দর্শকদের উত্তেজনা ছিল দেখার মতো। ম্যাচ শেষ হতে না হতেই মাঝ মাঠে সবার দৌড়। সুমন হোসেন নামের এক দর্শক বলেন, ‘এমন খেলা তো বেশি অয় না। আমাগো বস্তির মাইয়্যারাও খেলছে, সবাই আইছি দেখতে।’
হেরে যাওয়া দলের কান্নাও ছিল। অনেকেই সান্ত্বনা দিচ্ছিলেন পরবর্তী সময়ে ভালো খেলার জন্য। খেলা শেষে অংশগ্রহণকারী সব দলকেই মেডেল দেওয়া হয়। এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আকতার। তিনি চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। তিনি বলেন, ‘ব্লাস্টকে ধন্যবাদ এ রকম একটি আয়োজন করার জন্য। এটা নারী ফুটবলকে এগিয়ে নেবে।’ তিনি এই কিশোরীদের বাফুফের ট্রায়ালে ডাকবেন বলে ঘোষণা দেন। যদি ওরা ভালো করে, তাহলে সুযোগও দেবেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শারমিন আকতার খুব খুশি নিজের দলকে বিজয়ী দেখতে পেরে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের ফার্স্ট সেক্রেটারি অ্যানি ভেস্টজেন্স, এমবাসি অব নেদারল্যান্ডসের হেড অব ইন্টারনাল অ্যাফেয়ার্স মিস জোস কনিং, মেরী স্টোপস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইমরুল হাসান খান, কড়াইল সেন্ট্রাল সিবিওর উপদেষ্টা মাওলানা আবদুস সোবহান, সখী প্রকল্পের টিম লিডার ব্যারিস্টার নাজরানা ইমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। এমবাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস এ টুর্নামেন্টে আর্থিক সহায়তা দেয়।