স্কুলমাঠকে বাণিজ্যিক ব্যবহার মুক্ত করার দাবি
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠকে বাণিজ্যিক ব্যবহারমুক্ত করার দাবিতে সভা হয়েছে। সচেতন মৌলভীবাজার পৌরবাসীর ব্যানারে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ আহাদ।
সাংস্কৃতিক কর্মী রমাপদ ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, যুবলীগ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, মনু থিয়েটারের সভাপতি আ স ম সালেহ, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, ব্যবসায়ী শীতেশ দে, মো. মনির আলী, গোলাম মোস্তফা, সালেহ আহমদ প্রমুখ।
সভায় আগামী সোমবার মৌলভীবাজার পৌরসভার সব শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে আরও বড় পরিসরে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভা আয়োজনের জন্য সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।