স্কুলমাঠে পানি, বেঞ্চ পেতে পারাপার

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কলেজ রোডে অবস্থিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এক থেকে দেড় ফুট পানি জমে আছে। এতে ওই দু্ই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী দুর্ভোগের শিকার হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের পাঠদান কার্যক্রম। পানি মাড়িয়ে চলাচল করতে হয় বলে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে। তিন সপ্তাহ ধরে এ পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় লোকজন একটি জলাধার ও আশপাশের কয়েকটি নালা ভরাট করে ফেলায় বৃষ্টির পানি সরতে পারছে না। এতে ওই দুই প্রতিষ্ঠানের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান কেবি পাইলট উচ্চবিদ্যালয়। এখানে শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৩০০। এই বিদ্যালয়ের পাশেই সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। এখানে দুই হাজার ৬৭৫ জন ছাত্রী আছে। প্রতিষ্ঠান দুটির পাশে একটি জলাধার ছিল। দুই বছর আগে স্থানীয় লোকজন মাটি ফেলে জলাধারটি ভরাট করে ফেলেন। কিছুদিন পর তাঁরা নিজেদের প্রয়োজনে পানি নিষ্কাশনের নালাও বন্ধ করে দেন। আগে বৃষ্টি হলে পানি নালা ও জলাধারে গিয়ে পড়ত। ফলে ভরাট করে ফেলা জলাধারের চারপাশে পানি আটকে শহরের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।
গত শনিবার দুপুরে প্রতিষ্ঠান দুটিতে গিয়ে দেখা যায়, পানিতে মাঠ ডুবে আছে। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের মাঠে বেঞ্চ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। একই চিত্র কেবি পাইলট উচ্চবিদ্যালয়েও। শিক্ষার্থীরা বেঞ্চের ওপর দিয়ে হেঁটে শ্রেণিকক্ষে ঢুকছে।
জোনাকী বেগম নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বেঞ্চের ওপর দিয়ে একজন এলে অপর প্রান্তের শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হয়। এতে ক্লাসে ঢুকতে অনেক দেরি হয়ে যায়। এতে তাদের সমস্যা হয়।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, সমস্যা সমাধানের উপায় বের করতে না পারায় প্রাথমিক পর্যায়ের ক্লাসগুলো সরিয়ে নিরাপদ স্থানে আনা হয়েছে। অপরিষ্কার পানিতে না নামা এবং নিরাপদে পারাপারের জন্য শ্রেণিতে সচেতনতামূলক পাঠ দেওয়া হচ্ছে।
প্রতিকারে উদ্যোগ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য আতিক আহমেদ জানান, এ বিষয়ে গতকাল রোববার তাঁরা সভা করেছেন। কিন্তু জলাবদ্ধতা দূর করার কোনো উপায় বের করতে পারেননি।
সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা প্রমাণিক জানায়, বেঞ্চের ওপর দিয়ে তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বেঞ্চ থেকে পড়ে কয়েকজন ছাত্রী আহতও হয়েছে।
কলেজের শিক্ষকেরা জানান, কাল ৯ সেপ্টেম্বর একাদশ শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর স্নাতক শ্রেণির নির্বাচনী আর ২১ সেপ্টেম্বর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা। জলাবদ্ধতা দূর করা না গেলে পরীক্ষা নিতে সমস্যা হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাশ বলেন, ‘প্রতিকার চেয়ে আমরা পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করেছি।’
পৌর মেয়র মো. শাহিন বলেন, জলাধার ও পানি নিষ্কাশনের নালাগুলো বন্ধ করে ফেলায় সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুত নর্দমা তৈরি করে পানি নামার ব্যবস্থা করবে পৌর কর্তৃপক্ষ।