স্কুলমাঠে মেলা স্থগিত করেছেন হাইকোর্ট
রাজধানীর মিরপুরের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ জুন থেকে শুরু হওয়া মেলা স্থগিত করেছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোকাররেমুস সাকলাইন ও তুষার কান্তি রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, স্কুল মাঠে মেলা বসানোর কোনো নিয়ম নেই। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র আছে। তাই আদালত মাঠে মেলা বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
স্কুলমাঠে মেলা নিয়ে গত ২১ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, স্কুল মাঠে মেলা করা যাবে না। কিন্তু ঢাকা-১৬ (পল্লবী) আসনের আওয়ামী লীগের সাংসদ ইলিয়াস মোল্লাহ নিয়মকানুনের তোয়াক্কা না করে মিরপুর সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা বসান।