স্কুলমাঠের দখল নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি স্কুলের মাঠের দখল নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মুখোমুখি অবস্থান ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে স্কুলের মাঠ দখল করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের খবরে ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্কুলমাঠে ১৪৪ ধারা জারি করেন। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকেরা দুপুরে ইউএনওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, ‘স্কুলের মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করেছেন। বেশ কয়েকবার বাধা দিলেও তাঁরা সেখান থেকে সরেননি। তাই বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ গতকাল সকালে স্কুলের মাঠ দখলে নিতে গেলে প্রভাবশালীরা তাদের নাজেহাল করেন। ৯ এপ্রিলের মধ্যে স্কুলের মাঠ ফিরিয়ে না দিলে পরবর্তীকালে স্কুলের সম্পত্তি উদ্ধারে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রথম আলোর সঙ্গে আলাপকালে স্কুলের মাঠ প্রভাবশালীর কবল থেকে উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল উদ্দিন বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের মাঠ দখল করতে গেলে এলাকার লোকজন বাধা দেয়। পরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থান নিলে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।ইউএনও কাউসার হোসেন বলেন, স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে নিয়ে বৈঠক করে সমস্যা নিরসনের চেষ্টা চলছে। সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত ওই স্কুলের মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকবে।