স্কুলশিক্ষক আতিয়া হত্যার এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষিকা আতিয়া জাহানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল কিশোরগঞ্জ শহরের জেলা সরণি মোড়ে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
শিক্ষিকা আতিয়া জাহানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল কিশোরগঞ্জ শহরের জেলা সরণি মোড়ে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের স্কুলশিক্ষক আতিয়া জাহান হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার। এ মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। এদিকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শহরে মানববন্ধন ও মশাল মিছিল হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেলা সরণি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে আতিয়ারের পরিবারের সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা, শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার চক্রবর্তী, আতিয়ারের ছোট বোন সামিরা আফরিন, ভাগনি প্রীতি হাসান প্রমুখ। আতিয়ারের দুই স্বজন বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। সন্ধ্যায় একই দাবিতে শহরে মশাল মিছিল করা হয়।
মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়া জাহান গত বছর ৬ নভেম্বর রাতে জেলা সদরের বত্রিশ এলাকার নিজ বাসায় খুন হন। আতিয়া বাসায় একা ছিলেন। খুনিরা ঘরের বাইরে তালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়। গত বছরের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ৬ অক্টোবর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শহীদুল ইসলাম খান অভিযোগপত্র দাখিল করেন।
সিআইডি পরিদর্শক শহীদুল ইসলাম খান বলেন, মামলাটি আদালতে বিচারাধীন। আসামি মো. রাজিব কারাগারে রয়েছেন। এ ছাড়া ইউসুফ হায়দার ও অসীম কুমার দেব জামিনে রয়েছেন। অন্য দুজন ঝুমুর ও মো. টিটু পলাতক।