স্কুলশিক্ষক আতিয়া হত্যার বিচারের দাবি স্বজনদের
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়া জাহান ওরফে মৌ হত্যার বিচারের দাবিতে তাঁর স্বজনেরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আতিয়ার মা রওশন আরা ওরফে কবিতা অভিযোগ করেন, ‘আমার মেয়ে আতিয়াকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার পর দীর্ঘ সাত মাস পেরিয়ে গেছে। এখনো এই ঘটনায় হওয়া মামলার আসামিরা ধরা পড়ছে না। তাঁরা (আসামিরা) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিশোরগঞ্জ শহরের কয়েকজন ক্ষমতাধর ব্যক্তির ছত্রচ্ছায়ায় আসামিরা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। একদিকে আমাদের মেয়ে খুন হয়েছে, অন্যদিকে নানাভাবে আমাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে আমরা এক অসহনীয় পরিস্থিতির মধ্যে ও নিরাপত্তাহীনতায় আছি।’
সংবাদ সম্মেলনে রওশন আরা অভিযোগ করেন, ‘ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত মামলাটি নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ষড়যন্ত্র করে আসছে। এর ফলে বিচারকাজ শুরু হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করাই সম্ভব হয়নি। একের পর এক ষড়যন্ত্র এবং চাপের কাছে নতি স্বীকার করেছে পুলিশ। থানা পুলিশ ও দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের পরস্পর যোগসাজশে ধর্ষণ ও হত্যার আলামতগুলো গায়েব করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের গাফিলতির কারণেই পরবর্তী সময়ে আমাদের অনুরোধে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।’
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসা থেকে আতিয়ার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন তাঁর মা রওশন আরা সদর উপজেলার গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার রিফাত, বত্রিশ এলাকার টিটু ও রাজিবকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত কারাগারে আছেন। কিন্তু পুলিশ ঘটনার প্রায় সাত মাস পরেও টিটু ও রাজিবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।