স্কুলশিক্ষক দিয়ে চালানো কলেজ সেরা তালিকায়
স্কুলশিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। পাঁচ বছর ধরে এ অবস্থা চললেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবার কলেজটি রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে স্থান করে নিয়েছে।
প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহী কলেজিয়েট স্কুলে পাঁচ বছর ধরে উচ্চমাধ্যমিক শ্রেণি খোলা হয়েছে। নামকরণ করা হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। তৈরি করা হয়েছে ভবন। ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। নিয়োগ দেওয়া হয়নি শিক্ষক। নেই কোনো পাঠাগার, নেই কোনো বিজ্ঞানাগার। স্কুলের শিক্ষক দিয়েই কোনোমতে চলছে কলেজের পাঠদান।
কলেজ থেকে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান শিক্ষার্থীদের ভর্তি-সংকট মোকাবিলার জন্য দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সরকারি বালক এবং একটি করে বালিকা বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে দেশের খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে উচ্চমাধ্যমিক ঘোষণা করা হয়েছে।
কলেজ শাখা খোলার উদ্দেশ্যে ২০০৮ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজিয়েট স্কুলের আঙিনায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ভবন নিমার্ণ করে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ১১০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে এই দুই বিভাগে ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।
এই কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১০৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। ২০টি সেরা কলেজের তালিকায় রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের স্থান হচ্ছে ১৯তম।
অধ্যক্ষ নূরজাহান বেগম জানান, এই কলেজ থেকে গত বছর ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন। এবার ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আর চারজন শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে অন্যত্র চলে গেছে। সেই জন্য পাসের হার একটু কমে গেছে।
অধ্যক্ষ জানান, কলেজ শাখার এই শিক্ষার্থীদের পাঠদানের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। গবেষণাগারে বাড়তি যন্ত্রপাতি, পাঠাগারে বই-পুস্তক কিছুই সরবরাহ করা হয়নি। বিদ্যালয় শাখায় বর্তমানে এক হাজার ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদান, প্রশ্ন করা, পরীক্ষা নেওয়া ইত্যাদিতেই বিদ্যালয়ের শিক্ষকেরা হিমশিম খেয়ে যান। এরই মধ্যে কলেজের শিক্ষার্থী সামলাতে গিয়ে তাঁরা কাবু হয়ে পড়েন।
নূরজাহান বেগম আরও বলেন, এই পরিস্থিতিতে তাঁরা স্কুলের শিক্ষক দিয়েই কলেজের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস করাচ্ছেন। এ জন্য ওই শিক্ষকদের কোনো সম্মানীও দেওয়া হয় না। ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত কোনো ফিও নেওয়া হয় না।