রাজধানীর উপকণ্ঠ সাভারের লালটেক এলাকায় স্কুলশিক্ষক স্ত্রীর কবজি কেটে ফেলার ঘটনার মামলায় স্বামীসহ তিন আসামিকে গত দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার দুপুরে স্বামী ফরহাদ হোসেন ধারালো বঁটির আঘাতে স্ত্রী সাবিনা ইয়াসমিনের ডান হাতের কবজি কেটে ফেলেন। থামাতে গিয়ে বাঁ হাতেও আঘাত পান তিনি।
ঘটনার পরদিন গত মঙ্গলবার সাবিনার ভাই সাভার মডেল থানায় মামলা করেন। ভগ্নিপতি ফরহাদ এবং তাঁর আগের স্ত্রীসহ তিনজনকে আসামি করা হয়েছে। সাবিনা সাভার পৌর এলাকার চাঁপাইনের লালটেকের মৃত মোন্তাজ আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি ব্র্যাক স্কুলে শিক্ষকতা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবিনা গতকাল প্রথম আলোকে বলেন, আগের পরিচয়ের সূত্র ধরে গত বছর ফেব্রুয়ারি মাসে ফরহাদের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে ফরহাদ গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। থাকতেন কর্মস্থলের পাশেই। আর তিনি বাবার বাড়িতে থেকে শিক্ষকতা করতেন। বিয়ের কয়েক মাস পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী আগে একটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কও রয়েছে। এরপর তাঁদের মধ্যে কলহ শুরু হয়। তখন থেকে নানা অজুহাতে ফরহাদ তাঁকে মারধর করতেন। একপর্যায়ে তিনি স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হন ফরহাদ।
সাবিনা বলেন, গত সোমবার স্কুল ছুটির পর দুপুরে তিনি বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পর বেলা দুইটার দিকে একটি থলে হাতে বাসায় আসেন ফরহাদ। ঘরে খাটে বসে কথা বলার একপর্যায়ে ফরহাদ তাঁকে ধরার চেষ্টা করেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি ঘর থেকে বের হয়ে যান। এ সময় ফরহাদ তাঁকে জোর করে ঘরের ভেতরে নিয়ে যান। এর পর তাঁর কাছে থাকা থলের ভেতর থেকে ধারালো বঁটি বের করে এক কোপে তাঁর ডান হাতের কবজি কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে কাটা অংশটুকু মাটিতে পড়ে যায়। বাঁ হাত দিয়ে থামাতে গিয়ে তাঁর ওই হাতের কয়েকটি আঙুলেও চোট পান তিনি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
সাবিনার ভাই জাকির হোসেন বলেন, তাঁর বোনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দুই হাতেই অস্ত্রোপচার করা হয়। তিনি জানান, বিয়ের কয়েক মাস পর থেকেই ফরহাদ তাঁর বোনকে নির্যাতন করে আসছিলেন। এ কারণে বোনকে দিয়ে তালাক দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। জাকির হোসেন বলেন, তিনি থানায় মামলা করেছেন। কিন্তু পুলিশ দুই দিনেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে করা মামলার বাদী বিমানবাহিনীর এক পদস্থ কর্মকর্তার স্ত্রী। ওই কর্মকর্তা বর্তমানে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত। ২৭ জুলাই মামলাটি করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করছে। তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে।
মামলায় অভিযোগ করা হয়, গ্রেপ্তার হওয়া শিক্ষক ও মামলার বাদীর গত বছরের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে দেখা হয়। এর পর থেকে তিনি ওই নারীর সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ার চেষ্টা করেন। কিন্তু নারী এতে সম্মত না হলে তিনি তাঁর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি একটি আপত্তিকর ছবিও তাঁর বাসার ঠিকানায় পাঠিয়ে দেন। তিনি মুঠোফোনে হুমকি দিতেন বলেও অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে সাজ্জাদুল হককে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের বাবা সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সে ছুটিতে ঢাকায় অবস্থান করছিল। একটি বাহিনীর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’