স্কুলশিক্ষককে অপহরণ করে টাকা দাবি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গত মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলসহ এক স্কুলশিক্ষককে অপহরণ করে সাদা স্ট্যাম্পে সই নিয়ে তিন লাখ টাকা দাবি করেন দুজন যুবক। এ ঘটনায় স্কুলশিক্ষক বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যায় শমশেরনগর বাজারের ইমরান আহমদ ও জামাল আহমেদ কুলাউড়া উপজেলার তিলিবিল উচ্চবিদ্যালয়ের শিক্ষক রূপক দাসকে মোটর সাইকেলসহ অপহরণ করেন। তাঁরা স্থানীয় বাজারের একটি ভবনের তিনতলায় শিক্ষককে আটকে রেখে সাদা স্ট্যাম্পে সই নেন। এ সময় অপহরণকারীরা ওই শিক্ষকের কাছ থেকে সই করা একটি খালি চেকের পাতাও ছিনিয়ে নেন। সন্ধ্যার পর তিন লাখ টাকা পাওনা দাবি করে মোটরসাইকেল রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হয়ে শিক্ষক রূপক দাস শমশেরনগর পুলিশ ফাঁড়িতে গিয়ে ওই বিষয়ে মৌখিক অভিযোগ করেন। পুলিশ রাতে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁরা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক দুই যুবক দুর্বৃত্ত প্রকৃতির। তাঁরা মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত। এ ব্যাপারে মামলা নিয়ে তাঁদের থানায় পাঠানো হয়েছে।’