স্কুলশিক্ষককে অপহরণের অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার মেহেদী হাসান মণ্ডল (৩০) নামে এক স্কুলশিক্ষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার মেহেদীর মা লতিফুন বেওয়া মামলা করেছেন।মেহেদী উপজেলার কাজিহাল ইউনিয়নের মইচান্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বরখাস্ত)। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে অপহরণ করা হয়েছে। মেহেদীর খালা বলেন, গত বৃহস্পতিবার বাড়ির দরজায় এসে কয়েকজন যুবক মেহেদীকে ডাক দেয়। ভেতর থেকে ওদের পরিচয় জানতে চাইলে তাঁরা বলে, ‘আমরা মেহেদীর বন্ধু। দরজা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচজন মিলে তাঁকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।’ মেহেদীর পরিবার ও এলাকাবাসী জানান, ২০০৭ সালে মেহেদী বিয়ে করেন। ২০০৯ সালে স্ত্রীকে তালাক দেন। নারী নির্যাতন দমন আইনে মামলায় তাঁর এক বছর সাজা হয়। এতে তাঁর চাকরিও চলে যায়।