স্কুলশিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক স্কুলশিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্কুলের এক ছাত্রীকে গালমন্দ করার অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয় বলে জানা গেছে।উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখনলাল দেবনাথ (৫২) অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে স্কুল পরিচালনা পর্ষদের সহসভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই শ্যাম্পু মিয়া (৩০) তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে শ্যাম্পু মিয়া তাঁর লোকজন নিয়ে তাঁকে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এলাকাবাসী জানান, মাখনলাল দেবনাথ শুক্রবার রাতে বিষয়টি স্থানীয় সাংসদ শাহ্ জিকরুল আহমেদকে জানান। সাংসদ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহাকে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।মাখনলাল দেবনাথ হামলার ব্যাপারে বলেন, ‘হামলাকারীর ভাতিজি আমার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তাকে নাকি আমি গালমন্দ করেছি। এ অভিযোগে আমাকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়েছে।’ এ ব্যাপারে অভিযুক্ত শ্যাম্পু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।ওসি জানান, এ ঘটনায় শিক্ষক মাখনলাল দেবনাথ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।