স্কুলশিক্ষককে মারধর, সংঘর্ষে আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এর জেরে দুই পক্ষের সংঘর্ষে আরও ১৪ জন আহত হন। গতকাল শনিবার সকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমানসহ ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষক মশিউর গতকাল সকালে শিবপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে একই গ্রামের আবদুর রশিদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁকে মারধর করে। এর জেরে পরে দুই পক্ষের সংঘর্ষ হয়।
মশিউর রহমানের ভাই রন্টু শেখ প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দিন আগে গোপালগঞ্জ থেকে এক ট্রাক বালু আনাই। কিন্তু রশিদ ওই ট্রাক আটকে এর মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেন। দুই দিন আগে রশিদ শহরে গেলে ট্রাক মালিকের লোকজন রশিদকে আটকে রেখে ওই পাঁচ হাজার টাকা আদায় করেন। এ ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল—এমন ধারণা থেকে রশিদ লোকজন নিয়ে আমার ভাইকে মারধর করেন। পরে আমাদের ওপরও হামলা করেন।’
তবে অভিযোগ অস্বীকার ও নিজেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাবি করে আবদুর রশিদ বলেন, পাঁচ-ছয় দিন আগে এলাকার দুই ব্যক্তিকে মশিউরের লোকজন মারধর করেন। এর জেরে গতকাল দুই পক্ষের সংঘর্ষ হয়।