স্কুলশিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে গত শনিবার বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে গতকাল রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের শিক্ষকেরা সমাবেশ করেছেন। দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ তাঁরা উপজেলা সদরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেবেন।

মাসুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার দুপুরে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে মো. শাহাব উদ্দিন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে মনোনীত হন। এই পদে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাবা জাহিদুল ইসলাম প্রার্থী ছিলেন। তিনি কমিটিতে সহসভাপতি মনোনীত হন। বেলা একটার দিকে চেয়ারম্যানের ভাই ও কয়েকজন সমর্থক বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নবনির্বাচিত সভাপতি মো. শাহাব উদ্দিন আমাকে রক্ষা করতে এলে তাঁকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে চেয়ারম্যান আমিনুর রহমান বিদ্যালয়ের একটি ঘরে কয়েক ঘণ্টা তাঁদের অবরুদ্ধ করে রাখেন এবং হুমকি-ধমকি দেন। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’

ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক বিধিবহির্ভূতভাবে গ্রামের মুরব্বিদের পাশ কাটিয়ে একজনকে সভাপতি নির্বাচিত করেছেন। বিষয়টি নিয়ে আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেনি। প্রধান শিক্ষক বিষয়টি অতিরঞ্জিত করে প্রচার করছেন।’