স্কুলশিক্ষকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় আবুল বাশার হাওলাদার (৪২) নামের এক স্কুলশিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের নিজ বাড়ির একটি আমড়াগাছ থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।আবুল বাশার ওই গ্রামের ৩৯ নম্বর আদর্শ বিদ্যাপীঠ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।বাশারের স্ত্রী রিনা বেগম বলেন, গতকাল ভোর চারটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক তাঁর স্বামীকে ঘুম থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। ফজরের নামাজের পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির বাগানের একটি গাছের ডালে নাইলনের দঁড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামীর মৃতদেহ পাওয়া যায়। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।ধানসাগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান বলেন, এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলেই মনে হচ্ছে।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, মৃতদেহের গলার পেছনের দিকে একটা অস্বাভাবিক দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।