স্কুলশিক্ষার্থীদের জন্য তথ্য ও জাতিসংঘ সাক্ষরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে স্কুলশিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তথ্য সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা প্রশিক্ষণ। জাতিসংঘ তথ্যকেন্দ্র ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ, বাংলাদেশ দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে সহায়তা করছে নেদারল্যান্ডস ও বাংলাদেশের রোটারি ক্লাব।
সাভার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বুধবার সকালে এর উদ্বোধন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম।
প্রশিক্ষণে সাভার পৌর এলাকার অধর চন্দ্র উচ্চবিদ্যালয় ও রেডিও কলোনি উচ্চবিদ্যালয়সহ সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল তাদের জাতিসংঘ সাক্ষরতা ও তথ্য সাক্ষরতাসহ মুদ্রণ, অমুদ্রণ ও প্রযুক্তিগত তথ্যের উৎস এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার তাদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
কাজী আলী রেজা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পৃথিবীর একসময়ের দরিদ্রতম দেশ সিঙ্গাপুর এখন সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছে। আর এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে উন্নত শিক্ষাব্যবস্থার মাধ্যমে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। তোমরা জানার চেষ্টা করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মু. মেজবা-উল-ইসলাম, মো. মনিরুজ্জামান, মিনহাজ উদ্দীন আহাম্মদ, সৈয়দ শাহরিয়ার মেনজিস প্রমুখ।